খুলনায় একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার

খুলনায় শিশুসহ একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৬ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে মহানগরীর লবণচরা থানার তালুকদার গলির একটি বাড়ি থেকে এসব মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- সাহিদুন্নেছা (৫৫), তার নাতি মোস্তাকিম (৯) ও নাতনি ফাতিহা আহম্মেদ (৮)।

লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সানওয়ার হুসাইন মাসুম বলেন, নিহত দুই শিশুর বাবা-মা চাকরিজীবী। সকালে তারা সন্তানদের নানির কাছে রেখে কাজে বের হন। সন্ধ্যায় বাড়ি ফিরে দরজায় ডাকাডাকি করেও সাড়া না পেয়ে প্রতিবেশীদের সহায়তায় দরজা ভেঙে ভেতরে ঢোকেন। তখন ঘরের ভেতর সাহিদুন্নেছার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।

পরে পুলিশের সহযোগিতায় ঘরের পাশের মুরগির ঘর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

তিনি আরও জানান, তিনজনের শরীরেই আঘাতের চিহ্ন রয়েছে এবং মরদেহগুলো শক্ত হয়ে রয়েছে। কে বা কারা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তা এখনো জানা যায়নি। তদন্ত সাপেক্ষে বলা সম্ভব হবে। সুরতহাল রিপোর্ট শেষে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

ফোকাস বাংলা নিউজ/ এসকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *