​নির্বাচনে মোতায়েন থাকবে বিজিবির ৬১ হাজার সদস্য: স্বরাষ্ট্র উপদেষ্টা

ছবি: সংগৃহীত

নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর করার লক্ষ্যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিজিবির ৬১ হাজার সদস্য মোতায়েন থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বুধবার (১৪ জানুয়ারি) সকালে চট্টগ্রামের সাতকানিয়ার বাইতুল ইজ্জত এলাকায় বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজের ‘বীর উত্তম মজিবুর রহমান প্যারেড গ্রাউন্ডে’ বর্ডার গার্ড বাংলাদেশের ১০৪তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারতে পালিয়ে গিয়ে ওখানে বসে যারা নির্বাচন বানচাল করতে বিভিন্ন সময় হুমকি-ধমকি দিচ্ছে তাদের এসব হুমকিতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। যারা ওপারে বসে হুমকি দিচ্ছে তাদের সাহস থাকলে দেশে এসে কথা বলার আহ্বান জানান তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মিয়ানমার সীমান্তের রাখাইন রাজ্য আরাকান আর্মির নিয়ন্ত্রণে থাকায় সে দেশের বৈধ সরকারি বাহিনী সেখানে নেই। যার কারণে বিভিন্ন সময় তাদের অভ্যন্তরীণ সংঘাতের ফলে বাংলাদেশের মানুষও ক্ষতিগ্রস্থ হচ্ছে। এ বিষয়ে মায়ানমার সরকারকে প্রতিবাদ জানানো হচ্ছে বলেও জানান তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, দেশের সীমান্ত সুরক্ষিত আছে। সীমান্ত দিয়ে কেউ কোনো অপ্রীতিকর ঘটনার সৃষ্টি করতে চাইলে কোনো ছাড় দেওয়া হবে না।

বর্ডার গার্ড বাংলাদেশের ১০৪তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ শেষে ৩ হাজার ২৩ জন নবীন সদস্য দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষার শপথ গ্রহণ করেছেন আজ। বিজিবির নবীন সদস্যদের মধ্যে ২ হাজার ৯৫০ জন পুরুষ এবং ৭৩ জন নারী সদস্য রয়েছেন।

কুচকাওয়াজ অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী এবং বিজিটিসিঅ্যান্ডসির কমান্ড্যান্টসহ সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ফোকাস বাংলা নিউজ/ এসকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *