পাঁচ দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে

ফাইল ছবি

পৌষের শেষ সময়ে দেশের উত্তরের জেলা পঞ্চগড়ের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মাঝারি শৈত্যপ্রবাহ। তাপমাত্রার পারদ নেমে এসেছে ৭ ডিগ্রির ঘরে।জেলায় কয়েক দিন ধরেই অনুভূত হচ্ছে হাড় কাঁপানো শীত। মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে গেলেও সকাল থেকেই দেখা মিলছে সূর্যের। তবে রাত থেকে পরদিন সকাল পর্যন্ত থাকছে ঠাণ্ডা বাতাসের সঙ্গে কুয়াশা। এতে সাধারণ মানুষের পাশাপাশি বিপাকে পড়েছে জেলার নিম্ন আয়ের মানুষেরা।

আবহাওয়া অফিস জানিয়েছে, পঞ্চগড়ের তেঁতুলিয়ায় গত পাঁচ দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। কখনো মৃদু শৈত্যপ্রবাহ বয়ে গেলেও, কখনো জেলার ওপর দিয়ে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে । মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল ৯টায় তেঁতুলিয়ায় দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আদ্রতা ছিল ৯১ শতাংশ। আর বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৮ থেকে ১০ কিলোমিটার। এর আগে গত শুক্রবার (৯ জানুয়ারি) ৬ দশমিক ৮ ডিগ্রি, শনিবার (১০ জানুয়ারি) ৮ দশমিক ৩ ডিগ্রি, রোববার (১১ জানুয়ারি) ৭ দশমিক ৩ ডিগ্রি এবং সোমবার (১২ জানুয়ারি) ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, শীতের এ সময়ে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২১ থেকে ২৮ ডিগ্রির ঘরে উঠানামা করছে। একইসঙ্গে রাত ও দিনে উত্তর-পশ্চিম থেকে বয়ে আসা পাহাড়ি হিম বাতাসে কনকনে শীত অনুভূত হচ্ছে। জানুয়ারি মাস জুড়ে শীতের তীব্রতা থাকতে পারে।

ফোকাস বাংলা নিউজ/ এসকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *