হিরো আলম গ্রেপ্তার

গ্রেপ্তার হয়েছেন কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেতা আশরাফুল আলম ওরফে হিরো আলম। শনিবার (১৫ নভেম্বর) দুপুরে স্ত্রী রিয়া মনির দায়ের করা মামলায় হাতিরঝিল থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে।

বুধবার (১২ নভেম্বর) হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামানের আদালত। সেই প্রেক্ষিতেই আজ তাকে গ্রেপ্তার করে পুলিশ।

এর আগে হত্যাচেষ্টা, মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগে রাজধানীর হাতিরঝিল থানায় হিরো আলমের বিরুদ্ধে মামলা করেন স্ত্রী রিয়া মনি। এ মামলায় হিরো আলমের সঙ্গে আহসান হাবিব সেলিম নামের একজনকে আসামি করা হয়েছে। তার বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

মামলার অভিযোগে উল্লেখ করা হয়, সম্প্রতি হিরো আলম ও বাদী রিয়া মনির মধ্যে মনোমালিন্য দেখা দেয়। এরপর হিরো আলম বাদীকে তালাক দিয়ে বাসা থেকে বের করে দেন। গত ২১ জুন বাদীর পরিবারের সঙ্গে মীমাংসা করার জন্য হাতিরঝিল থানাধীন এলাকায় একটি বাসায় ডাকা হয়। সেই সময়ে হিরো আলমসহ ১০-১২ অজ্ঞাতনামা ব্যক্তি বাদী ও তার পরিবারের সদস্যদের অকথ্য ভাষায় গালাগাল শুরু করেন। পরে তারা বাদীর বর্তমান বাসায় বেআইনিভাবে প্রবেশ করে কাঠের লাঠি দিয়ে মাথা ও শরীরের বিভিন্ন অংশে মারধর করে।

এ হামলায় বাদীর শরীরে জখম সৃষ্টি হয়। এ সময় তার গলায় থাকা ‘দেড় ভরি’ ওজনের সোনার চেইন চুরি করে নিয়ে যায় বলেও অভিযোগে বলা হয়েছে। এ ঘটনায় গত ২৩ জুন বাদী হয়ে রিয়া মনি হাতিরঝিল থানায় মামলা করেন।

ফোকাস বাংলা নিউজ/ এসকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *