কোনো চক্রান্তে দেশকে জিম্মি হতে দেওয়া যাবে না: জামায়াত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে নেতারা বলেছেন, কোনো ধরনের চক্রান্ত, ষড়যন্ত্র বা কোনো গোষ্ঠীর মাধ্যমে দেশকে জিম্মি হতে দেওয়া যাবে না।

সোমবার (৫ জানুয়ারি) সকাল ১০টায় জামায়াতের মগবাজারস্থ কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে সভাপতিত্ব করেন সংগঠনের আমীর ডা. শফিকুর রহমান। বৈঠকে নায়েবে আমীর, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেলসহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

বৈঠকে আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনায় নেতারা বলেন, দেশে এখনো অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের উপযোগী পরিবেশ পুরোপুরি সৃষ্টি হয়নি। প্রশাসনের ভেতরে কিছু কর্মকর্তা একটি বিশেষ রাজনৈতিক দলের পক্ষে কাজ করছেন—এমন অভিযোগ বিভিন্ন স্থান থেকে পাওয়া যাচ্ছে বলেও বৈঠকে উল্লেখ করা হয়।

এছাড়া, দেশের বিভিন্ন স্থানে প্রকাশ্য দিবালোকে রাজনৈতিক নেতা-কর্মীদের হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন নেতারা।

বৈঠকে বলা হয়, দীর্ঘ ১৬ বছরের আন্দোলন-সংগ্রামের মাধ্যমে ফ্যাসিবাদ বিদায় নিয়েছে। দেড় হাজার শহীদ এবং ত্রিশ হাজারের বেশি আহত ও পঙ্গুত্ববরণকারীর আত্মত্যাগের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশকে কোনোভাবেই চক্রান্ত বা ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হতে দেওয়া যাবে না।

কেন্দ্রীয় নির্বাহী পরিষদের পক্ষ থেকে নির্বাচন কমিশন, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ নিরপেক্ষতা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়। একই সঙ্গে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনের নিরপেক্ষতা শতভাগ নিশ্চিত করা এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য নির্বাচন কমিশন ও সরকারের প্রতি জোর দাবি জানানো হয়।

ফোকাস বাংলা নিউজ/ এসকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *