নিউইয়র্কের আদালতে নিজেকে নির্দোষ দাবি করলেন মাদুরো

ছবি : সংগৃহীত

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো প্রথমবারের মতো নিউইয়র্কের আদালতে নিজেকে নির্দোষ দাবি করেছেন। যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে আটক হওয়ার পর আদালতে তোলা হলে বিচারকের সামনে তিনি বলেন, ‘আমি নির্দোষ। আমি একজন ভদ্র মানুষ। আমি এখনো আমার দেশের প্রেসিডেন্ট।’

সোমবার (৫ জানুয়ারি) নিউইয়র্কের একটি ফেডারেল আদালতে হাজির করা হলে তিনি এ কথা বলেন। খবর সিএনএন ও রয়টার্স’র।

নিকোলাস মাদুরো বিচারকের সামনে দাঁড়িয়ে বলেন, ‘আমাকে ভেনেজুয়েলার কারাকাসে আমার বাড়ি থেকে আটক করা হয়েছে।’

সিএনএনের প্রতিবেদনে বলা হয়, এ সময় বিচারক অ্যালভিন হেলারস্টেইন মাদুরোকে বলেন, ‘এসব বিষয় তদন্ত করার জন্য নির্দিষ্ট সময় ও স্থান থাকবে।’

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আদালতে মাদুরো বলেন, ‘আমি নির্দোষ, আমি দোষী নই। আমি একজন ভদ্র মানুষ। আমি এখনো আমার দেশের প্রেসিডেন্ট।’

মাদুরোর স্ত্রী সিলিয়া ফ্লোরেসও আদালতে নিজেকে নির্দোষ দাবি করেন।

মাদুরোর আইনজীবী ব্যারি পোল্যাক বিচারককে বলেন, তার মক্কেলকে যেভাবে সামরিক অভিযানে অপহরণ করা হয়েছে, সেটার বৈধতা নিয়ে সমস্যা রয়েছে।

মাদুরো নিজেও আদালতে বলেন, তাকে তার বাড়ি থেকে আটক করা হয়েছে এবং তিনি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট।

পোল্যাক বিচারককে বলেন, মাদুরো একটি সার্বভৌম রাষ্ট্রের প্রধান এবং তিনি সেই পদের বিশেষাধিকার ও দায়মুক্তির অধিকারী।

এএফপি জানিয়েছেন, আদালত আজকের শুনানি শেষে পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করেছেন ১৭ মার্চ। এ সময়ে মাদুরোকে নিউইয়র্কের কারাগারে রাখা হবে।

সিএনএনের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, আদালতে নেওয়ার সময় মাদুরোকে ক্যামেরার সামনে দিয়ে নিয়ে যাওয়া হয়েছে, যা ‘ফেডারেল ব্যবস্থায় ফেডারেল আদালতে খুবই অস্বাভাবিক’। সাধারণত, দোষী প্রমাণিত না হওয়া পর্যন্ত এমনটি করা হয় না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *