
সারাদেশে গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া ছয়জনের মধ্যে তিনজন পুরুষ ও তিনজন নারী। নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১,১৯৫ জন।
রোববার (৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, শনিবার (১০ নভেম্বর) সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে ১৫৫ জন, চট্টগ্রাম বিভাগে ১৩২ জন, ঢাকা বিভাগে ২৭৮, ঢাকা উত্তর সিটিতে ২২০ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১১৫ জন, খুলনা বিভাগে ১১৪ জন, ময়মনসিংহ বিভাগে ৫৯ জন, রাজশাহী বিভাগে ১১৩ জন ও সিলেট বিভাগে ৯ জন ভর্তি হয়েছেন।
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩১৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৭৮ হাজার ৫৪৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
প্রসঙ্গত, ২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ এক হাজার ২১৪ জন এবং ডেঙ্গুতে মোট মৃত্যুবরণ করেছেন ৫৭৫ জন। এর আগে ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয় এবং ওই বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।
ফোকাস বাংলা নিউজ/ এসকে