
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বর্তমান অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত ও কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জনে আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, এ লক্ষ্য অর্জনে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা একটি গুরুত্বপূর্ণ অনুঘটক হিসেবে ভূমিকা রাখতে পারে।
‘ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা (ডিআইটিএফ)-২০২৬’ উপলক্ষে দেওয়া এক বাণীতে এসব কথা বলেন তিনি।
অধ্যাপক মুহাম্মদ ইউনূস দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, এ মেলার মাধ্যমে দেশের অর্থনৈতিক কার্যক্রম সম্প্রসারণ, কর্মসংস্থান সৃষ্টি ও বিদেশে বাংলাদেশি পণ্য রপ্তানি বৃদ্ধি পাবে। এ ছাড়া দেশীয় পণ্যের প্রচার, পণ্য বহুমুখীকরণ, বিদেশি বিনিয়োগ আকৃষ্টের মাধ্যমে দেশের সার্বিক উন্নয়নেও এ মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশের রপ্তানি বাণিজ্য সম্প্রসারণে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মুহাম্মদ ইউনূস বলেন, মাসব্যাপী আয়োজিত এ মেলা দেশে উৎপাদিত গুণগত মানসম্পন্ন পণ্য দেশি-বিদেশি দর্শক, ভোক্তা, ক্রেতা ও আমদানিকারকদের সামনে তুলে ধরতে খুবই কার্যকর ভূমিকা পালন করে আসছে। পাশাপাশি স্থানীয় উদ্যোক্তা ও ভোক্তারা এ মেলার মধ্যে দিয়ে সহজেই বিদেশি পণ্যের মান, নকশা ও বৈশ্বিক প্রবণতা বিষয়ে সম্যক ধারণা পাচ্ছেন।
ড. ইউনূস বলেন, ‘আমি আশা করি, মেলায় অংশগ্রহণকারী সব দেশ ও প্রতিষ্ঠান পারস্পরিক সহযোগিতা ও অংশীদারত্বের ভিত্তিতে কাজ করবে। সবার কার্যকর অংশগ্রহণে এ মেলা হয়ে উঠবে সুন্দর, ক্রেতাবান্ধব ও উৎসবমুখর।’
প্রধান উপদেষ্টা মেলায় অংশগ্রহণকারী দেশি-বিদেশি শিল্প উদ্যোক্তা, বিনিয়োগকারী, ব্যবসায়ী ও ক্রেতাসাধারণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, বাংলাদেশের অপার সম্ভাবনাকে বিশ্বমঞ্চে তুলে ধরতে এটি একটি অনন্য আয়োজন।
‘ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা (ডিআইটিএফ)-২০২৬’ এর সার্বিক সাফল্য কামনা করেন প্রধান উপদেষ্টা।
উল্লেখ্য, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সরকার ঘোষিত তিন দিনের রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্তের প্রেক্ষিতে ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ) ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠান পুনর্নির্ধারণ করা হয়েছে।
পূর্বঘোষিত সূচি অনুযায়ী আগামী ০১ জানুয়ারি মেলার উদ্বোধন হওয়ার কথা থাকলেও নতুন সিদ্ধান্ত অনুযায়ী তা পিছিয়ে আগামী ০৩ জানুয়ারি ২০২৬ (শনিবার) অনুষ্ঠিত হবে।
ফোকাস বাংলা নিউজ/ এসকে