স্বরাষ্ট্র ​উপদেষ্টার উপস্থিতিতে তাঁকেই পদত্যাগের আলটিমেটাম

ছবি : সংগৃহীত

হাদি হত্যাচেষ্টার ঘটনার বিচার ও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতির দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন ডাকসু ভিপি সাদিক কায়েম। নির্ধারিত সময়ের মধ্যে দাবি আদায় না হলে স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে আন্দোলনে যাওয়ার ঘোষণা দেন তিনি।

সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন সাদিক কায়েম। বক্তব্য দেওয়ার সময় স্বরাষ্ট্র উপদেষ্টা তার পাশেই দাঁড়িয়ে ছিলেন। এ সময় পরিস্থিতি কিছুটা অস্বস্তিকর বলেও মনে করেন উপস্থিত সাংবাদিকরা।

সাংবাদিকদের সামনে সাদিক কায়েম তার তিন দফা দাবি তুলে ধরেন। প্রথম দাবিতে তিনি বলেন, ওসমান হাদির ওপর গুলিবর্ষণের সঙ্গে জড়িত প্রত্যক্ষ হামলাকারী, পরিকল্পনাকারী ও সহযোগী—সবাইকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে।

একই সঙ্গে গোয়েন্দা সংস্থাসহ রাষ্ট্রের সংশ্লিষ্ট সব অর্গানকে দ্রুত জবাবদিহির আওতায় আনতে হবে। যাদের গাফিলতি প্রমাণিত হবে, তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে। পাশাপাশি যারা এই হামলাকে নৈতিক ও সাংস্কৃতিকভাবে সমর্থন দিয়েছে এবং হাদি ও জুলাই বিপ্লবীদের হত্যাযোগ্য করে তুলেছে, সেই ‘কালচারাল ফ্যাসিস্টদের’ সামাজিকভাবে সম্পূর্ণ বয়কটের দাবি জানান তিনি।

দ্বিতীয় দাবিতে ডাকসু ভিপি বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে দেশব্যাপী এলাকাভিত্তিক চিরুনি অভিযান শুরু করতে হবে। নিষিদ্ধ ঘোষিত সংগঠনের বিভিন্ন স্তরের সব সন্ত্রাসীকে গ্রেপ্তার করতে হবে এবং তাদের হাতে থাকা সব ধরনের অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে। এ বিষয়ে সরকারের কোনো ধরনের অবহেলা আর সহ্য করা হবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন।

তৃতীয় দাবিতে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা উল্লেখ করে সাদিক কায়েম বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে মানবতাবিরোধী অপরাধে তার বিরুদ্ধে প্রদত্ত রায় কার্যকর করতে হবে।

একই সঙ্গে গণহত্যাকারী ও সন্ত্রাসীদের আশ্রয় দেওয়ার প্রতিবাদে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনর্বিবেচনা করতে হবে। অভিযুক্তদের ফেরত না দেওয়া পর্যন্ত কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করা যাবে না বলেও মন্তব্য করেন তিনি।

ফোকাস বাংলা নিউজ/ এসকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *